কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা
- প্রকাশের সময় : ০৬:১২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 3
ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান জোরদার করতে থানা পুলিশকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা বিএনপি। মাদক গ্রহণকারীদের শনাক্ত করতে ডোপ টেস্টের কিট কেনার জন্য বিএনপি নেতা হাফিজুর রহমান হাফিজ এ সহায়তা দেন।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১২টার দিকে কালীগঞ্জ থানা রোডে অবস্থিত বিএনপির কার্যালয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলীর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য হাফিজুর রহমান হাফিজ কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষে এ সহায়তা দেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, কালীগঞ্জে মাদকের বিস্তার ও ভয়াবহতা রোধে ওসি জুলফিকার আলীর নেতৃত্বে অভিযান অব্যাহত রয়েছে। গত এক মাসে মাদক গ্রহণ ও বিক্রির সঙ্গে জড়িত ৩০ জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ডোপ টেস্টে মাদক গ্রহণের বিষয়টি শনাক্ত হওয়ার পর কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
পুলিশের মাদকবিরোধী কার্যক্রম আরও গতিশীল করতে ডোপ টেস্টের কিটের প্রয়োজন দেখা দেয়। এ পরিপ্রেক্ষিতে কিট কেনার জন্য বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। সংশ্লিষ্টদের আশা, এর মাধ্যমে মাদক শনাক্তকরণ কার্যক্রম আরও জোরদার হবে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ‘কালীগঞ্জে মাদকের বিস্তার রোধে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডোপ টেস্টের মাধ্যমে মাদক গ্রহণকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত রাখতে মাদক শনাক্তকরণ কিটের প্রয়োজন রয়েছে। কিট কেনার জন্য আর্থিক সহযোগিতা করায় বিএনপি নেতাদের ধন্যবাদ জানাই। মাদকমুক্ত কালীগঞ্জ গড়তে পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।’
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, বিএনপি নেতা ইলিয়াস রহমান মিঠু, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুজ্জামান স্বপন, সাবেক ছাত্রদল নেতা জহির হাসান মহনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।























