যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫
- প্রকাশের সময় : ০১:৩৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 2
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় এক শিক্ষক ও তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারী ১৬ বছর বয়সী এক কিশোরও রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক শিশু ও আরেক শিক্ষক। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেন্ড শহরের সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। বিদ্যালয়টিতে কিন্ডারগার্টেন থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুরা পড়াশোনা করে। সেখানে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী ও ৪০ জন কর্মী রয়েছেন।
বেন্ড পুলিশের প্রধান মাইক ক্রানৎজ এক সংবাদ ব্রিফিংয়ে জানান, সকালে আনুমানিক ১৬ বছর বয়সী এক কিশোর বিদ্যালয়ের তালাবদ্ধ ফটকে গুলি চালিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর সে স্কুলের ভেতরে গুলি চালাতে শুরু করে। এতে ৫, ৮ ও ১১ বছর বয়সী তিন শিশু এবং একজন শিক্ষক নিহত হন। এ সময় ৭ বছর বয়সী এক শিশু ও আরেক শিক্ষক গুরুতর আহত হন।
পুলিশপ্রধান জানান, বিদ্যালয়টির আশপাশের এলাকার এক বাসিন্দা ওই কিশোরকে স্কুলে প্রবেশ করতে দেখে তার পিছু নেন। পরে হামলাকারী গুলি চালানোর সময় ওই বাসিন্দাও তাকে লক্ষ্য করে গুলি করেন। এতে ঘটনাস্থলেই কিশোরটির মৃত্যু হয়। তবে ওই বাসিন্দার পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
ঘটনার পর বিদ্যালয়টি পরিদর্শন করেন ওরেগনের গভর্নর টিনা কোটেক। সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত হয়ে তিনি বলেন, কোনো অভিভাবককে যেন এমন দিনের মুখোমুখি হতে না হয়। কোনো সম্প্রদায়কে যেন এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়। নিহত ও আহত শিশু, শিক্ষক এবং তাঁদের পরিবার ও স্বজনদের কথা ভাবলে সবারই গভীর শোক অনুভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুক হামলার ঘটনা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর আগে ১৯৯৯ সালে কলম্বাইন হাই স্কুল, ২০১২ সালে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুল, ২০১৮ সালে মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুল এবং ২০২২ সালে টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে বড় ধরনের বন্দুক হামলার ঘটনা ঘটে।
মার্কিন অলাভজনক সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩৬০টির বেশি গণ-গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সংস্থাটির সংজ্ঞা অনুযায়ী, কোনো ঘটনায় চার বা তার বেশি মানুষ গুলিবিদ্ধ হলে সেটিকে গণ-গুলিবর্ষণ হিসেবে গণ্য করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রে গণ-গুলিবর্ষণের ঘটনায় ২ হাজার ৭৩৩ জন প্রাণ হারিয়েছেন।
সূত্র: রয়টার্স





















