রমজানের সম্ভাব্য তারিখ জানালো আমিরাতের জ্যোতির্বিদরা

- প্রকাশের সময় : ০২:২৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / 79
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা জানিয়েছেন, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ তথ্য জানিয়েছে আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা।
সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজান শুরুর চাঁদটি ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ০১ মিনিটে (আমিরাত সময়) জন্ম নেবে। তবে সেদিন সূর্যাস্তের এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে, ফলে সেদিন চাঁদ দেখা সম্ভব হবে না। এজন্য রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখা কমিটির ঘোষণার পর জানানো হবে।
তিনি আরও জানান, রমজানের শুরুতে আবুধাবিতে রোজার সময়কাল হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা মাসের শেষে বেড়ে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে পৌঁছাবে। এ সময় দিনের দৈর্ঘ্যও ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে ১২ ঘণ্টা ১২ মিনিটে বাড়বে।
আল জারওয়ান বলেন, রমজানের শুরুতে আবুধাবিতে তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মাসের শেষে বসন্তকালীন আবহাওয়া শুরু হলে তাপমাত্রা বাড়তে পারে ১৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এছাড়া পুরো রমজান মাসে বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে, যা মৌসুমি গড় অনুযায়ী ১৫ মিলিমিটারের বেশি হতে পারে।
সূত্র: গাল্ফ নিউজ






















