দোকানের বারান্দায় পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ
- প্রকাশের সময় : ০৫:১৮:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / 169
রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র পাবলিক হেল্থ মোড় এলাকা থেকে রুবেল সরদার নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। বুধবার সকালে পাবলিক হেলথ মোড়ে জামান স্টোর নামে একটি দোকানের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রুবেল সরদার রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর কাহারপাড়া গ্রামের মৃত আলম সরদারের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও মাদকের মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ।
মৃত রুবেলের পারিবারিক সূত্রে জানা যায়, রুবেল সরদার পাবলিক হেলথ মোড়ে পান-সিগারেটের দোকান করতেন। ছয় মাস আগে দোকানটি তিনি বিক্রি করে দেন। তারপর থেকে তিনি বেকার ছিলেন। মাস তিনেক আগে তার স্ত্রী ঝগড়া করে বাবার বাড়ি চলে যায়।
জামান স্টোরের মালিক শাহিদুজ্জামান শাহীন জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঝড় হচ্ছিল। একারণে নির্ধারিত সময়ের আগেই দোকান বন্ধ করে বাসায় চলে যান। সকালে শোনেন তার দোকানের সামনে রুবেলের মরদেহ পড়ে আছে।
নিহতের ছোট ভাই জুয়েল সরদার জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে তার ভাইকে বাড়িতে দেখেছেন। তখন বিদ্যুৎ ছিল না। কখন সে বাড়ি থেকে বের হয়েছে, তা জানেন না। সকালে শোনেন ভাইয়ের মরদেহ পাওয়া গেছে। এটি স্বাভাবিক মৃত্যু নয়। তার নাকে আঘাতের চিহ্ন ছিল।
নিহতের স্ত্রী বন্যা বেগম জানান, তার স্বামী ঠিকমতো কাজ করতো না। এজন্য একমাত্র মেয়েকে নিয়ে তিন মাস ধরে বাবার বাড়ি থাকছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে তার সঙ্গে দেখা করতে বাবার বাড়ি গিয়েছিল। মেয়ের জন্য কিছু খাবার কিনে নিয়ে যায়। কিছুক্ষণ অবস্থান করার পর সেখান থেকে চলে আসে। সকালে শোনেন সে মারা গেছে। তিনি আরও জানান, ২০১৯ সালে তার স্বামীর হার্ট অ্যাটাক হয়েছিল।
রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ রুবেলের মরদেহ উদ্ধার করে। সুরতহাল রিপোর্টে কানের কাছে একটি আঘাতের চিহ্ন দেখা গেছে। এছাড়া অস্বাভাবিক তেমন কিছু পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। অস্বাভাবিক মৃত্যু হলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। তিনি আরও জানান, রুবেলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, মাদকসহ একাধিক মামলা ছিল।























