রাজবাড়ীতে যুবদলের সংবাদ সম্মেলন
- প্রকাশের সময় : ০৬:২৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
- / 485
রাজবাড়ীতে বিএনপি নেতাদের দ্বারা ভিত্তিহীন বানোয়াট মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলা শাখার নেতাকর্মীরা।
শুক্রবার দুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাস ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে যুবদল।
এসময় জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, যুগ্ম আহ্বায়ক কাওসার মাহমুদ, মনোয়ার হোসেন মিন্টু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, পৌর যুবদলের আহ্বায়ক সামসুল আলম রানা, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়রুল প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, রাজবাড়ী জেলা বিএনপির কিছু নেতা যুবদলের নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও টেন্ডারবাজির মিথ্যা অভিযোগ করে অপপ্রচার চালাচ্ছে। এছাড়াও আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সুনাম ক্ষুণ্ন করতে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যাচার করছে। যুবদলের কোন নেতা বা কর্মী যদি চাঁদাবাজি বা টেন্ডারবাজির সাথে জড়িত হয় তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিবে যুবদল।
পালটা অভিযোগ করে তারা বলেন, যারা এ সকল বিভ্রান্তিমূলক মিথ্যাচার করছে তারা মূলত আওয়ামী লীগের দোসর ও আওয়ামী লীগের বি টিম হিসাবে কাজ করছে।






















