ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, বাকিদের খোঁজে অভিযান
- প্রকাশের সময় : ১১:৫৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 13
ইন্দোনেশিয়ার জাভা সাগরে নিখোঁজ হওয়া ‘ভিরগো ট্রান্সপোর্ট-৮’ জাহাজের ১০২ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। নিখোঁজ বাকি যাত্রী ও ক্রুদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর যাত্রীদের উদ্ধারে হেলিকপ্টার ও আরেকটি জাহাজ পাঠানো হয়। নিখোঁজ হওয়ার সময় জাহাজটিতে ২৪৩ জন যাত্রী ও ক্রু ছিলেন।
ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, নিখোঁজ হওয়ার আগে জাহাজটি বৈরী আবহাওয়ার কবলে পড়েছিল। জাহাজটি জাভা প্রদেশের সুরাবায়া থেকে কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনের দিকে যাচ্ছিল।
বানজারমাসিন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে থাকাকালে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করে উদ্ধারকারীরা সেখানে অভিযান শুরু করেন।
ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জে প্রায় ১৭ হাজার দ্বীপ থাকায় দেশটির মানুষের এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াতে যাত্রীবাহী জাহাজ ও ফেরির ওপর ব্যাপক নির্ভরতা রয়েছে।
এর আগে গত মাসে মাদুরা দ্বীপে একটি যাত্রীবাহী জাহাজে আগুন লাগার ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছিল।
সূত্র: বিবিসি























