চীনে একই বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং

- প্রকাশের সময় : ১০:৫৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 35

বিশ্বের তিন প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী ১৯ নভেম্বর চীনের শেনঝেন শহরে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) জোটের বার্ষিক সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে একটি নতুন ও উচ্চাকাঙ্ক্ষী চুক্তির বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি উত্তর কোরিয়া ও ইরানের পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যেই পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সপ্তাহের শুরুতে সাংবাদিকদের তিনি বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে সম্ভাব্য এ বৈঠককে ‘ঐতিহাসিক’ আখ্যা দেন হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়টি নিয়ে আলোচনা করতে চান। তাঁর মতে, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।
মার্কিন বার্তাসংস্থা এপি ও ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বৈঠক শেষে কোনো চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নেই। তবে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর নেতাদের এ আলোচনায় ইরান পরিস্থিতি গুরুত্ব পেতে পারে। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে মস্কো ও বেইজিং এখনো কোনো মন্তব্য করেনি।
হোয়াইট হাউসের মুখপাত্র জানান, ২১টি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে আয়োজিত দুই দিনব্যাপী এপেক সম্মেলনে যোগ দিতে ট্রাম্প বুধবার গভীর রাতে শেনঝেনে পৌঁছাবেন। বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে দুই নেতার চতুর্থ বৈঠক।
এর আগে মঙ্গলবার ফিলিপাইনে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন ট্রাম্প। হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী, এ সফরের মাধ্যমে মার্কিন জনগণের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য অর্জনের পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। এর ফলে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভাণ্ডারগুলোর ওপর কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। একসময় স্নায়ুযুদ্ধের অবসানে ভূমিকা রাখা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সহযোগিতার ক্ষেত্রেও নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।
জাতিসংঘ উভয় দেশকে দ্রুত নতুন একটি কাঠামোর বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। তবে ট্রাম্প বর্তমান চুক্তির পরিবর্তে আরও উন্নত একটি চুক্তি করতে চান, যেখানে চীনকেও অন্তর্ভুক্ত করা হবে। তাঁর দাবি, বেইজিং বর্তমানে নিজেদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ করছে।
সূত্র : বিবিসি
























