মান্দায় ২৫০ লিটার ওয়াশ চোলাই মদসহ যুবক গ্রেফতার
- প্রকাশের সময় : ০৩:০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 9
নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ২৫০ লিটার ওয়াশ চোলাই মদসহ সুকুমার প্রাং (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ১০ নম্বর নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্যাবাদ ঋষিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দক্ষিণ নুরুল্যাবাদ ঋষিপাড়া গ্রামের শ্রীমতী গায়িত্রী রানীর (৪৪) বসতবাড়ির পেছনে টিউবওয়েলের পাড়ে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে।
পরে সেখানে অভিযান চালিয়ে ওই স্থান থেকে সুকুমার প্রাংকে আটক করা হয়। এ সময় ২৫০ লিটার ওয়াশ চোলাই মদ উদ্ধার করে বিধি অনুযায়ী জব্দ করা হয়।
গ্রেফতার সুকুমার প্রাং দক্ষিণ নুরুল্যাবাদ ঋষিপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত নিপেন্দ্রনাথ প্রাং।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মান্দা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
























