মান্দায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- প্রকাশের সময় : ০২:৪৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 3
নওগাঁর মান্দায় ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি রামদা ও একটি চাইনিজ কুড়ালসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গণেশপুর ইউনিয়নের কাঞ্চন এলাকায় অভিযান চালায়।
পুলিশ জানায়, অভিযানে কাঞ্চন এলাকার আরমান আলীর (৩১) বসতবাড়ি থেকে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় আরমান আলী এবং মীরপুর এলাকার আইজুল ইসলামকে (৪২) গ্রেফতার করা হয়।
পরে আরমান আলীর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ধারালো রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার দুজন মাদক ব্যবসার পাশাপাশি বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে এর আগেও চার থেকে পাঁচটি মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ কর্মকাণ্ডে আরও দুই থেকে তিনজন জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।























