উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী
- প্রকাশের সময় : ০২:১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 3
উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র উদ্যোগ তহবিল প্রকল্পের উদ্বোধন এবং ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, এটি ৫০ কোটি টাকার একটি পরীক্ষামূলক প্রকল্প। যারা ব্যাংকে যেতে ভয় পান, তাদের ঋণের আওতায় এনে কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যেই কর্মসংস্থান ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল। নতুন এই প্রকল্পের মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তিনি বলেন, সরকার সৃজনশীল অর্থনীতি নিয়ে নতুন উদ্যোগ নিয়েছে। প্রান্তিক পর্যায়ের সৃজনশীল মানুষদের শুধু ঋণ দেওয়া হচ্ছে না, তাদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি পণ্যের ব্র্যান্ডিং ও বিপণনের ব্যবস্থাও করা হচ্ছে।
কর্মসংস্থান ব্যাংককেও এ ধরনের কর্মসূচি নেওয়ার আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, এটি দাতব্য কার্যক্রম নয়, বরং অর্থনীতিতে অবদান রাখার একটি উদ্যোগ। গানসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও এগিয়ে নেওয়া যেতে পারে। সরকার এসব সৃজনশীলতাকে অর্থনৈতিকভাবে কাজে লাগিয়ে মূল্য সংযোজনের মাধ্যমে বাজারযোগ্য করতে চায়।
তিনি আরও বলেন, সৃজনশীল অর্থনীতির সঙ্গে যুক্ত মানুষদের অর্থনীতির মূল স্রোতে আনতে সরকার কাজ করতে চায়। এটি সম্ভব হলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে।
কর্মসংস্থান ব্যাংকের খেলাপি ঋণ বা এনপিএল ৪ শতাংশ থেকে কমিয়ে ১ থেকে ২ শতাংশে নামিয়ে আনার ওপর গুরুত্ব দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ব্যাংকটি ভালো করছে এবং লাভও করছে।



















