নওগাঁয় শব্দদূষণের দায়ে চার পরিবহনকে জরিমানা
- প্রকাশের সময় : ০৯:১৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / 13
নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশনায় শব্দদূষণের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি পরিবহনের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় চারটি মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দ করা হয়েছে অননুমোদিত হাইড্রোলিক হর্ন।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নওগাঁ সদর উপজেলার বরুণকান্দি বাইপাস এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিযানকালে অননুমোদিত ও অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় চারটি পরিবহনের চালকের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়। পরে তাদের কাছ থেকে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা হাইড্রোলিক হর্নগুলো ধ্বংস করা হয়েছে।
এ সময় শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ এবং বিভিন্ন পরিবহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।
মোবাইল কোর্টে জেলা পুলিশের একটি দল নিরাপত্তার দায়িত্ব পালন করে।
পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






















