মাদকের সঙ্গে যেই যুক্ত থাকবে, তাকেই আইনের আওতায় আনা হবে: রেল প্রতিমন্ত্রী
- প্রকাশের সময় : ০৫:২৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 16
সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, রাজনৈতিকভাবে আমাদের সরকারের কেউ কোনোভাবেই মাদকবিরোধী এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার সুযোগ নেই। কেউ তারপরও দুঃসাহস দেখালে সরকার এ ব্যাপারে কঠোর অবস্থান নেবে। মাদকের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যেই যুক্ত থাকবে, তাকেই আইনের আওতায় আনা হবে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, মাদকের ব্যাপারে আমরা এবং আমাদের সরকার কোনোভাবেই ছাড় দেব না। বরং আরও কঠোর শাস্তি দেওয়া যায়, সেই ব্যবস্থা করা হবে। মাদকের ব্যাপারে সর্বোচ্চ অবস্থান নিতে হবে। মাদক শুধু রুটিনমাফিক কাজ নয়; এটিকে সমূলে নির্মূল করতে আমাদের সবাইকে সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিকভাবে সর্বোচ্চ অবস্থান নিতে হবে।
তিনি বলেন, টাস্কফোর্স গঠন করে কিছু কিছু এলাকায় বারবার অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা গেলে নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করা যাবে।
তিনি আরও বলেন, বিগত দিনে নারায়ণগঞ্জে খুনের সংস্কৃতি ছিল। সেসব ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করছেন। আমাদেরও সর্বোচ্চ চেষ্টা করতে হবে। অনেকেই সরকার ও প্রশাসনকে বিব্রত করার চেষ্টা করছে। তাদের কোনোভাবেই সরকার ছাড় দেবে না।
সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।



















