বোঁচাগঞ্জে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৩, মাদকসেবী আরও ৩ জনের কারাদণ্ড

- প্রকাশের সময় : ০২:১৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / 5

দিনাজপুরের বোঁচাগঞ্জে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৩৩ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৯০০ টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ছাড়া পৃথক অভিযানে আরও তিন মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ ও ৫ নভেম্বর রাতে উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।
৪ নভেম্বর রাতে বোঁচাগঞ্জ থানার এসআই লিখন কুমার মণ্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১ নম্বর নাফানগর ইউনিয়নের টেনা গ্রামের দিঘীর মোড়ে আফসার আলীর আমবাগানে অভিযান চালায়। এ সময় মো. নুরুজ্জামান ওরফে সাবুল ও মো. শাহেরুল ইসলামকে (৩৬) আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৯০০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ৫ নভেম্বর বোঁচাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলাটির তদন্ত করছেন এসআই মো. শাহীনুর রহমান।
অন্যদিকে, ৫ নভেম্বর দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে এসআই পুতুল কুমার মোহন্তের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৬ নম্বর রনগাঁও ইউনিয়নের হাটরামপুর গ্রামে অভিযান চালায়। এ সময় মো. কাজল ইসলামকে (৩৪) গ্রেফতার করা হয়। তার বসতবাড়ির রান্নাঘরের মাটির চুলার ছাইয়ের ভেতরে লুকিয়ে রাখা প্লাস্টিকের কৌটা থেকে ৯ পিস কমলা রঙের ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ২ হাজার ৭০০ টাকা।
এ ঘটনায়ও বোঁচাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। মামলাটির তদন্ত করছেন এসআই সুমন কুমার।
পুলিশ জানায়, পৃথক অভিযানে গ্রেফতার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী বিশেষ অভিযানে আরও তিন মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনগত পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বোঁচাগঞ্জ থানা পুলিশ।
























