জিম্বাবুয়েতে মিনিবাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৭
- প্রকাশের সময় : ১০:৫৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / 21
জিম্বাবুয়েতে মিনিবাস ট্যাক্সি ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে দেশটির চিভু শহরের কাছে একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই একটি স্থানীয় খ্রিস্টান ধর্মীয় গোষ্ঠীর সদস্য ছিলেন। তারা একটি সম্মেলনে যোগ দিতে মিনিবাসে করে যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় ট্রাকটি একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মিনিবাসটির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
পুলিশের মুখপাত্র পল নিয়াথি জানান, দুর্ঘটনাস্থলটি রাজধানী হারারে থেকে প্রায় ১৩২ কিলোমিটার দক্ষিণে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ২৩ জনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়া হলে পরে আরও কয়েকজন মারা যান।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জেডবিসি নিউজ জানিয়েছে, প্রাদেশিক এক মন্ত্রীর বরাতেও ঘটনাস্থলে ২৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার শিকার ব্যক্তিরা সাদা পোশাক পরিধানের জন্য পরিচিত স্থানীয় একটি খ্রিস্টান ধর্মীয় গোষ্ঠীর সদস্য। সম্মেলনে অংশ নিতে যাওয়ার পথেই ভয়াবহ এই দুর্ঘটনার শিকার হন তারা।
সূত্র: এপি




















