ইরানে ৮ মাসে ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর
- প্রকাশের সময় : ১০:৩৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / 5
চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত ইরানে অন্তত ২০ জন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিভিন্ন কারাগারে বন্দি এসব আফগান নাগরিককে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করা হয়।
মানবাধিকার সংস্থা ইরানিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন শনিবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রতি মাসেই ইরানে অন্তত একজন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। একই সময়ে প্রতি মাসে গড়ে অন্তত তিনজন আফগান নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
মাদকসংক্রান্ত অপরাধ, হত্যা, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে এসব মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
মানবাধিকার সংস্থাটি মৃত্যুদণ্ডের এসব মামলায় স্বচ্ছতার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের দাবি, অভিযুক্তদের আইনজীবীদের মামলায় প্রবেশাধিকার ছিল সীমিত। পাশাপাশি বিচারপ্রক্রিয়াতেও পর্যাপ্ত স্বচ্ছতা ছিল না। এমনকি দণ্ডপ্রাপ্তদের পরিবারের সদস্যদেরও মামলা ও তাদের বর্তমান অবস্থা সম্পর্কে পর্যাপ্ত তথ্য জানার সুযোগ দেওয়া হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, বেশিরভাগ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সিরাজের আবেলাবাদ কারাগার, তায়বাদ কারাগার, ইয়াজদ কারাগার এবং ইস্ফাহানের দাস্তগার্ড কারাগারে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে মাদকসংক্রান্ত অপরাধে।
এ ছাড়া ইস্ফাহানের আলিখানি স্কয়ারে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গুল মোহাম্মদ ও কাইম হোসেনি নামে দুই আফগান নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গত জানুয়ারিতে ওই এলাকায় সরকারবিরোধী বিক্ষোভ হয়েছিল।
অন্যদিকে, আফসার শাহ-আহমাদি, সাফাই ও সদরুদ্দিন আহমেদাজাদ নামে আরও তিন আফগান নাগরিককে গত জুলাইয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের বিরুদ্ধে একটি থানা পুড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল।
মানবাধিকার সংস্থাটি আরও জানিয়েছে, এসব আফগান নাগরিকের অনেকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে প্রকাশ্যে কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে ইরানে ঠিক কতজন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তা নির্ভুলভাবে শনাক্ত করা কঠিন।
এর আগে ২০২৫ সালে ইরানে অন্তত ৮৫ জন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: খামা প্রেস























