সরকারি হাসপাতাল তদারকিতে ৬৯ কর্মকর্তা নিয়োগ
- প্রকাশের সময় : ০৮:৪৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / 5
দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা ও জনসেবার গুণগত মান নিশ্চিত করতে ৬৯ কর্মকর্তাকে পরিদর্শনকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
গত ১৬ আগস্ট স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, পরিদর্শনকারী কর্মকর্তাদের দায়িত্ব শুধু হাসপাতাল পরিদর্শনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তাঁরা হাসপাতালের জনবল, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা যন্ত্রপাতি, অবকাঠামো, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা তদারক করবেন।
এ ছাড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরা পর্যবেক্ষণ, টিকাদান কর্মসূচি, অসংক্রামক রোগ প্রতিরোধ, জনসচেতনতা, মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস, প্রবীণ স্বাস্থ্যসেবা এবং পুষ্টি কার্যক্রমেও সমন্বয় করবেন তাঁরা।
পরিদর্শনের পর পাওয়া পর্যবেক্ষণ ও সুপারিশ পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে সংশ্লিষ্ট শাখায় প্রতিবেদন আকারে পাঠাতে হবে। প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতি মাসে অন্তত একটি পরিদর্শন সম্পন্ন করাও বাধ্যতামূলক করা হয়েছে।
অফিস আদেশটি দেখুন এখানে





















