দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘লোয়ার ডেপথ’ নাটকের প্রদর্শনী
- প্রকাশের সময় : ০৯:৫৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / 2
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার মেট অতসী সরকার আকস্মিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাঁর চিকিৎসায় সহায়তার জন্য বিশেষ উদ্যোগ হিসেবে ‘লোয়ার ডেপথ’ নাটকের চারটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বিভাগের চতুর্থ আন্তর্জাতিক নাট্যোৎসবে নাটক পরিবেশনের সময় অতসীর ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত তাঁর অস্ত্রোপচার প্রয়োজন। এ জন্য আনুমানিক দুই লাখ টাকার বেশি প্রয়োজন বলে জানা গেছে।
অতসীর চিকিৎসায় অর্থ সংগ্রহের লক্ষ্যে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সার্বিক আয়োজনে এবং বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সহযোগিতায় নাটকটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আগামী ২৪ ও ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের নাট্য ল্যাবে নাটকটির চারটি প্রদর্শনী হবে। প্রতিদিন দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায় প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনী থেকে সংগৃহীত অর্থের পুরোটা অতসীর চিকিৎসা তহবিলে ব্যয় করা হবে।
নাট্যকলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিব বলেন, ‘অতসী আমার বন্ধু, কারও বড় বোন, আবার কারও ছোট বোন। সে রোভার স্কাউটেরও একজন সদস্য। যে মানুষটি বিভিন্ন সময়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে, বিপদের সময়ে তার পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তাই সবাই নিজ নিজ অবস্থান থেকে এই নাট্য প্রদর্শনীতে যুক্ত হবেন এবং অতসীর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন—এটাই আমাদের প্রত্যাশা।’
নাট্যকলা বিভাগের শিক্ষক সৈয়দ মামুন রেজা বলেন, ‘আমাদের আর্থিক ও সামাজিক কাঠামোর মধ্যে একটি পরিবারের পক্ষে হঠাৎ করে বড় অঙ্কের টাকা সংগ্রহ করা সহজ নয়। সে কারণে শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য বিভাগের সঙ্গে আলোচনা করে আমরা এই প্রদর্শনীর সিদ্ধান্ত নিয়েছি। এ কার্যক্রমে রোভার স্কাউটও যুক্ত হয়েছে।’
একজন প্রতিশ্রুতিশীল শিক্ষার্থীর দুঃসময়ে পাশে দাঁড়াতে টিকিট সংগ্রহ করে নাট্য প্রদর্শনীতে উপস্থিত হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ।























