মোহাম্মদপুরে বর্তমানে কোনো কিশোর গ্যাং সক্রিয় নেই: র্যাব
- প্রকাশের সময় : ০৪:৪৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / 20
রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরতামুক্ত করতে বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বাহিনীটির দাবি, অভিযান চালিয়ে কিশোর গ্যাংগুলোকে নির্মূল করা হয়েছে। বর্তমানে মোহাম্মদপুরে কোনো কিশোর গ্যাং সক্রিয় নেই।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
তিনি জানান, মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম ওরফে রিপোল ওরফে বিপুলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব-২। অভিযানে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক ও সাতটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব-২ অধিনায়ক বলেন, ‘আমরা গডফাদারদের গ্রেফতার করছি। আমরা খুব বেশি নিচের সারির সদস্য বা ছোটখাটো গ্রুপগুলোর দিকে হাত দিচ্ছি না।’
তিনি বলেন, গডফাদারদের গ্রেফতারের ফলে মোহাম্মদপুর আগের তুলনায় অনেকটা স্থিতিশীল হয়েছে। অদূর ভবিষ্যতে মোহাম্মদপুর আরও নিরাপদ ও বসবাসের উপযোগী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নয়মুল হাসান বলেন, ‘মোহাম্মদপুরকে ‘সিটি অব গডস’ হিসেবে যে হাইপ তৈরি করা হয়েছে, সেটি মূলত একটি ধারণা। আমরা মোহাম্মদপুরকে সেই ধারণা থেকে বের করে আনার চেষ্টা করছি। এরই মধ্যে অনেকটা সফল হয়েছি। নিকট ভবিষ্যতে মোহাম্মদপুর থেকে গ্যাং ও সন্ত্রাসী তৎপরতা পুরোপুরি নির্মূল করতে পারব বলে আশা করি।’
তিনি আরও বলেন, মোহাম্মদপুরকে বখাটে ও সন্ত্রাসমুক্ত করতে যে অভিযান চলছে, একইভাবে পুরো রাজধানীকেই নিরাপদ ও অপরাধমুক্ত করার চেষ্টা করা হচ্ছে।
এলেক্স ইমন হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র্যাব-২ অধিনায়ক বলেন, এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা বিস্তারিত বলতে পারবেন। র্যাব মূলত তদন্তে সহায়তার অংশ হিসেবে গ্রেফতারকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছে।
তিনি বলেন, আসামিদের গ্রেফতারের পর তদন্তকারী কর্মকর্তা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিলে হত্যাকাণ্ডের কারণ ও এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে। যেহেতু র্যাব সরাসরি তদন্ত করছে না, তাই এ বিষয়ে থানা পুলিশই বিস্তারিত তথ্য দিতে পারবে।






















