কেশবপুরে পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
- প্রকাশের সময় : ১১:৩১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / 7
যশোরের কেশবপুরে এইচএসসি পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ইয়াসিন আরাফাত (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে কেশবপুর হাসপাতাল সড়কের খাদ্য গুদামের সামনে আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন আরাফাত কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের কাঁস্তা গ্রামের পল্লী চিকিৎসক রুস্তম আলীর ছেলে। তিনি কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ইয়াসিন আরাফাত মোটরসাইকেলে করে বাড়ি থেকে এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান বিষয়ের ব্যবহারিক পরীক্ষা দিতে কলেজের উদ্দেশে রওনা হন। পথে কেশবপুর শহরের খাদ্য গুদামের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ইয়াসিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র স্থানান্তর করা হয়। তবে চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, মুখমণ্ডল ও শরীরে গুরুতর আঘাত নিয়ে ইয়াসিনকে হাসপাতালে আনা হয়। তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছিল। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ইয়াসিন আরাফাত অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালে সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশন থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন তিনি।
এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।























