গোপালগঞ্জে বৃদ্ধাসহ দুই নারীর মরদেহ উদ্ধার
- প্রকাশের সময় : ০৭:২২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / 12
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পৃথক ঘটনায় এক বৃদ্ধাসহ দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার খাগড়াবাড়িয়া ও সাফলীডাঙ্গা গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের খাগড়াবাড়িয়া গ্রামের মৃত মালেক শেখের স্ত্রী রাহাতুন বেগম (৭৫) এবং ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা গ্রামের ইমরান শেখের স্ত্রী সানজিদা বেগম (৩০)।
গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মানসিক ভারসাম্যহীন রাহাতুন বেগম গত শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। মঙ্গলবার দুপুরে বাড়ির অদূরের একটি পুকুরে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
অন্যদিকে, সাফলীডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে সানজিদা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দাম্পত্য কলহের জেরে স্বামী ইমরান শেখের সঙ্গে তাঁর বিরোধ চলছিল।
সোমবার দিবাগত রাতে স্বামীর মুঠোফোন বন্ধ পেয়ে সানজিদা প্রতিবেশীদের বাড়িতে গিয়ে তাঁর খোঁজ নেন। পরে নিজ বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে প্রতিবেশী বিলকিস বেগম তাঁর খোঁজ নিতে গিয়ে জানালা দিয়ে ঘরের আড়ার সঙ্গে সানজিদাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ দুটি মরদেহই ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান।






















