নওগাঁয় বিপুল পরিমাণ চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশের সময় : ০২:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / 120
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩ মে) নওগাঁ সদর থানাধীন হাঁপানিয়া ইউনিয়নের কুশাডাঙ্গা স্কুল পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আমিন হোসেন (৩০)। তিনি ওই গ্রামের মোঃ এজাহার আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি চৌকস টিম কুশাডাঙ্গা স্কুল পাড়া এলাকায় আমিন হোসেনের বসত বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার ঘর থেকে ২৫০ (দুইশত পঞ্চাশ) লিটার দেশি তৈরি চোলাই মদ ও মদ তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ সময় মাদক তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ ঘটনাস্থলেই ধ্বংস করে পুলিশ।সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এই অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

























