পাংশায় দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন
- প্রকাশের সময় : ০৪:৫০:২৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / 38
রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে খালপাড়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
রবিবার (৩ মে) বেলা ১২টার দিকে উপজেলার যশাই ইউনিয়নের নারু কুন্ডুর ঘাট এলাকায় এ পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও যশাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. চাঁদ আলী খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম মিয়া বলেন, দেশের সব খাল পুনঃখনন করা বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিল। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় পাংশা উপজেলার যশাই ও পাট্টা ইউনিয়নে দুটি খালের পুনঃখনন কাজ শুরু হলো।
তিনি আরও জানান, খাল দুটি পুনঃখনন সম্পন্ন হলে আশপাশের ১৭টি গ্রামের জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা যায়, যশাই ইউনিয়নের ঢেঁকিপাড়া খালের ৯ কিলোমিটার পুনঃখনন কাজের ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩১ লাখ ৭৭ হাজার ৯২৭ টাকা, যেখানে ৫৩৫ জন অদক্ষ শ্রমিক কাজ করবেন। অন্যদিকে পাট্টা ইউনিয়নের আঁধারকোটা খালের ৪.৯৭০ কিলোমিটার পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২ লাখ ২৬ হাজার ৪৪৫ টাকা, যেখানে ২৩৬ জন শ্রমিক নিয়োজিত থাকবেন।
প্রকল্প দুটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।






















