সুকান্তের আদর্শে মাদকমুক্ত সমাজ গড়তে চাই: এস এম জিলানী
- প্রকাশের সময় : ০৩:৩২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / 21
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, কবি সুকান্ত ভট্টাচার্য তাঁর কবিতায় গরিব-ধনীর বৈষম্য, ক্ষুধার্ত মানুষের আর্তনাদ এবং সদ্য ভূমিষ্ঠ শিশুর জন্য নিরাপদ পৃথিবীর স্বপ্ন তুলে ধরেছেন। তাঁর প্রতিটি কবিতায় প্রতিবাদের সুর ধ্বনিত হয়েছে, যা আজও সমাজকে অনুপ্রাণিত করে।
তিনি বলেন, “এই প্রতিবাদী কবির আদর্শকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আমরা কাজ করে যাচ্ছি। এরই অংশ হিসেবে তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে।”
রোববার কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সুকান্ত মেলার প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী আরও বলেন, “বর্তমান সমাজে মাদক ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা ঐক্যবদ্ধভাবে মাদক প্রতিরোধ করতে চাই। সুকান্তের আদর্শ ধারণ করেই আমরা একটি মাদকমুক্ত সমাজ গড়তে চাই।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, স্থানীয় শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক দিলীপ কুমার ভাবুক এবং সাংবাদিক মিজানুর রহমান বুলু।
কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে। ১৯৪৭ সালের ১৩ মে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে কলকাতার যাদবপুরে তিনি মৃত্যুবরণ করেন।
প্রতি বছর তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় প্রশাসনের উদ্যোগে তাঁর পৈত্রিক ভিটায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। এ বছরও একই ধারাবাহিকতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।






















