নওগাঁয় স্বামীর প্রতারণা ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন, বিচার দাবি
- প্রকাশের সময় : ০৭:৫৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / 25
নওগাঁয় এক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও পরিচালকের বিরুদ্ধে প্রতারণা, একাধিক অনৈতিক সম্পর্ক এবং শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী। বৃহস্পতিবার এক লিখিত বক্তব্যে ভুক্তভোগী মোসা. শারমিন আক্তার এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে শারমিন আক্তার জানান, প্রায় ১৭ বছর আগে তাদের বিবাহিত জীবন শুরু হয়। তাদের সংসারে বর্তমানে দুই ছেলে ও এক মেয়েসহ তিন সন্তান রয়েছে। বিবাহের শুরুতে তার স্বামী আর্থিকভাবে দুর্বল থাকলেও শারমিন ও তার পরিবার বিভিন্নভাবে তাকে সহযোগিতা করেন। পরবর্তীতে তিনি নওগাঁয় ‘ন্যাশনাল মডেল স্কুল’ নামে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে সেটির প্রিন্সিপাল ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শারমিন আক্তারের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের মালিকানা তার নামে করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার গ্রহণ করা হয়। কিন্তু পরে তা নিজের নামে করে নেন তার স্বামী শহীদ প্রামাণিক।
তিনি আরও অভিযোগ করেন, তার স্বামী বিভিন্ন অভিভাবকের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এসব বিষয়ে প্রতিবাদ করলে তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। এমনকি গোপনে অন্য এক নারীকে বিয়েও করেছেন বলে দাবি করেন তিনি।
শারমিন আক্তার জানান, গত ২৫ মার্চ ২০২৬ তারিখে কোনো পূর্ব নোটিশ ছাড়াই আত্রাইয়ের একটি কাজী অফিসের মাধ্যমে তাকে তালাকনামা পাঠানো হয়। ১৭ বছরের সংসার ভেঙে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। বর্তমানে তাকে মানসিকভাবে অসুস্থ প্রমাণের চেষ্টা করা হচ্ছে এবং সামাজিকভাবে হেয় করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি। আমার ও আমার সন্তানদের ভবিষ্যৎ গভীর সংকটে পড়েছে।”
তিনি নওগাঁ জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং নিজের ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষকও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
শারমিন আক্তার আরও জানান, তিনি শিগগিরই এ বিষয়ে আইনি পদক্ষেপ নিতে লিখিত অভিযোগ দায়ের করবেন।
























