নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার
- প্রকাশের সময় : ১২:১৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / 15
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও যানবাহনসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়া ইউনিয়নের শাহাপুর এলাকায় একটি স’মিলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নওগাঁ সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন— বগুড়ার গাবতলী উপজেলার লাংলু দক্ষিণ পাড়া গ্রামের মোঃ আজাহার আলী (৪৫), মোঃ জাহাঙ্গীর আলম (৪৪), সৈকত (৩০), মোঃ আবু হোসেন (৩৫), হাসান (৩০), রনি (৩২) ও মোঃ হামিদুল ইসলাম (৩২)।
পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামানের তত্ত্বাবধানে এসআই নূরন্নবীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযানে নামে। শাহাপুর গ্রামের শহিদুলের স’মিলের কাছে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে ওঁৎ পেতে আছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেফতার করা হয়।এ সময় ডাকাতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি নম্বরবিহীন ৬ চাকার ট্রাক, ১টি পালসার মোটরসাইকেল, ১টি অটো-রিকশা, ৩টি লোহার সাবল, ২টি হাসুয়া, ১টি হাতুড়ি এবং ৫টি বাটন ফোন ও ৩টি স্মার্টফোন জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক বাকি ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।























