নওগাঁয় শব্দদূষণবিরোধী অভিযানে ৫ পরিবহনকে জরিমানা
- প্রকাশের সময় : ০২:৫২:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / 31
নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫টি পরিবহনকে জরিমানা করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) “আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৬” উপলক্ষে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় নওগাঁ সদর উপজেলার মশরপুর বাইপাস এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান দিনার। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইনের তত্ত্বাবধানে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে অননুমোদিত হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৫টি পরিবহনের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ৬ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি শব্দদূষণ বিষয়ে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ এবং যানবাহনে সচেতনতামূলক স্টিকার সংযুক্ত করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। নিরাপত্তায় নিয়োজিত ছিল ব্যাটালিয়ন আনসারের একটি দল।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।























