টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ১০
- প্রকাশের সময় : ১১:৫১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / 26
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বর্নি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন কাতার প্রবাসী রানা মুন্সির অন্তঃসত্ত্বা স্ত্রী মেঘলা খানম (২৮), শাহ জামাল মুন্সি (৪৫), আজাদ মুন্সি (৪২), রুবেল মুন্সি (৪০), লোটাস মুন্সি (৩৮) ও শাহনারা বেগম (৭০)। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির জমি নিয়ে বর্নি গ্রামের রানা মুন্সি ও তার চাচাতো ভাই ওবায়েদ মুন্সির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেলে ওই জমিতে বাউন্ডারি দেয়াল নির্মাণের কাজ চলাকালে রানা মুন্সির অন্তঃসত্ত্বা স্ত্রী মেঘলা খানমকে ওবায়েদ মুন্সি ও তার সহযোগীরা মারধর করেন। তার চিৎকারে স্বজনরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়।
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যা প্রায় এক ঘণ্টা ধরে চলে। এতে অন্তত ১০ জন আহত হন।
আহত মেঘলা খানম জানান, জমির সীমানা নিয়ে আদালতে একাধিকবার রায় পাওয়ার পর গ্রাম্য সালিশের মাধ্যমে বিরোধ মীমাংসা হয়। এরপরই তারা বাউন্ডারি দেয়াল নির্মাণ শুরু করেন। তবে এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।























