গোপালগঞ্জে বাল্যবিয়ের চেষ্টা, বরকে ১৫ দিনের কারাদণ্ড
- প্রকাশের সময় : ০২:২৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / 28
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাল্যবিয়ের চেষ্টা করায় বরকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাত ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের একটি বাড়িতে এই বিয়ের আয়োজন করা হয় বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার।
তিনি বলেন, ওই গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার বারাইগাতী গ্রামের জয় চৌধুরীর (২৩) সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছিল। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
পরে পাটগাতী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুবাষ বিশ্বাস ও স্থানীয়দের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৭(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বর জয় চৌধুরীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া ১৮ বছরের আগে বিয়ে না দেওয়ার মুচলেকা নিয়ে কিশোরীকে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।























