নওগাঁয় শব্দদূষণবিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ
- প্রকাশের সময় : ০৬:১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / 207
নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুজনুর ইসলাম সুজন অভিযানের নেতৃত্ব দেন।
অভিযানকালে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টির দায়ে দুটি পরিবহনকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।
এ সময় পরিবেশ সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ এবং যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। নিরাপত্তার দায়িত্বে ছিলেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

























