নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে মাদকসহ দুই কারবারি আটক
- প্রকাশের সময় : ০৩:০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- / 140
নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) রাতে মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশের ওসি মো. হাসিবুল্লাহ হাবিবের নেতৃত্বে পোরশা থানাধীন নোচনাহার বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দুই ব্যক্তি পিয়াসের মুদি দোকানের সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
তল্লাশীকালে নুরে আলম (৪০) নামে এক ব্যক্তির কাছ থেকে ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী আতাউজ্জামান ওরফে জামান (৩৮)কেও আটক করা হয়। তারা উভয়েই পোরশা উপজেলার সুরানন্দ ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় পোরশা থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, জেলায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করা হচ্ছে এবং এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

























