আত্রাইয়ে পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার
- প্রকাশের সময় : ০৫:২৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / 41
নওগাঁর আত্রাই থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল বিকেলে আত্রাই উপজেলার গুড়নই বাজার এলাকায় ফার্নিচার ব্যবসায়ী মো. জনি (২৮) পাওনা টাকা আনতে গেলে অভিযুক্ত রেজাউল মন্ডল ও তার সহযোগীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, ঘাড় ও হাতে আঘাত করে গুরুতর জখম করে। এ সময় তার কাছে থাকা ৩২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
গুরুতর আহত অবস্থায় জনিকে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপারের নির্দেশনায় আত্রাই থানা ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে।
তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ২২ এপ্রিল সকালে মালিপুকুর এলাকায় আত্রাই নদীর পাড়ে অভিযান চালিয়ে রেজাউল মন্ডল (৩৬) কে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলেও দ্রুত তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রেজাউল মন্ডল একজন চিহ্নিত অপরাধী এবং আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে নওগাঁ, বগুড়া ও নাটোর জেলায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলায় অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। মাদক, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















