নওগাঁয় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ৬ লাখ টাকা জরিমানা
- প্রকাশের সময় : ০৬:৪৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / 40
নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশে আত্রাই উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সরাসরি নির্দেশে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক কান্তি বর্মন।
অভিযান চলাকালে আত্রাই উপজেলার পাঁচপাকিয়া ও শিকারপুর এলাকায় অবস্থিত তিনটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে মেসার্স এনবিএ ব্রিকস, মেসার্স মনোয়ারা ব্রিকস এবং মেসার্স মজিদ ব্রিকস ম্যানুফ্যাকচারার—প্রতিটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে এসব ইটভাটার বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে জেলা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তা নিশ্চিত করে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন জানান, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।























