সরকারের যে সমস্ত বিষয় আছে এগুলো ঠিকমত কার্যকর করা গেলে দেশটা অনেক ভালো হতে পারে- সংস্কৃতি প্রতিমন্ত্রী
- প্রকাশের সময় : ০৯:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / 81
সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, সরকারের যে সমস্ত বিষয় আছে এগুলো যদি ঠিকমত কার্যকর করা যায়, দেশটা অনেক ভালো হতে পারে। লুটপাট, চুরি অব্যবস্থাপনার কারণে কোনো কিছুই ঠিকভাবে হয়না।
রোববার বিকেলে রাজবাড়ী ল ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ট্রাডিশনাল ওয়েতে ভাবলে এ এলাকার উন্নতি করতে পারবেন না। আমাদের ডিফারেন্ট ওয়েতে ভাবতে হবে। পৃথিবীর পরিবর্তন হয়েছে। আমরা যারা রাজনীতি করি, আমরা ট্রাডিশনাল ওয়েতে করি। আমাদের বুঝতে হবে সময় বদলে গেছে। আমরা নতুন একটা পদ্ধতিতে কাজ করতে যাচ্ছি। সেটা হলো আরএসডিসি তৈরি করেছি। আমাদের তরুণেরা কী চায়, তাদের লেখাপড়া কীভাবে বিস্তার করতে পারি। সেটার জন্য ইয়ুথ ডেভলেপমেন্ট ইনেশিয়েটিভ নামে একটি প্রকল্প নেওয়া হচ্ছে। হাসপাতালের করুণ অবস্থা, সেটার জন্যও উদ্যোগে নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, রাজবাড়ীর আর্থিক সামাজিক অবস্থা খুবই দুর্বল। পরিচয় দেওয়ার মত আমাদের তেমন কিছু নেই। এখান থেকে বের হওয়ার উপায় আমাদের খুঁজে বের করতে হবে। একটা অসাধারণ কিছু বিষয় আমাদের রয়েছে। এটাকে যদি ফর্মে আনা যায় তাহলে ৬৪ জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলা হতে পারে রাজবাড়ী জেলা। তার মধ্যে একটা হলো ফারাক্কা বাঁধের কারণে ২৬টি জেলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফারাক্কা বাঁধের বিরুদ্ধে একটা বিকল্প বাঁধ তৈরির প্রস্তাব দীর্ঘদিন ঘুরছে, কিন্তু হচ্ছেনা। আমরা এটাকে ধরে একটা কমিটি করেছি। সেটা হলো পদ্মা ব্যারেজ। এটা রাজবাড়ীতে হবে। এটা হলে রাজবাড়ীর শিল্প, ব্যবসা, বাণিজ্য অর্থনীতি সবকিছুর উন্নতি হবে। নির্বাচনী মেনুফেস্টুতে এটা ঢোকাতে পেরেছি। এটা প্রি-একনেকে পাশ হয়েছে। ৫০ হাজার ৪৪৩ কোটি টাকার প্রজেক্ট। আগামী ৬ এপ্রিল এটা একনেকে উঠবে। আমাদের একটা সুযোগ আছে। প্রাণভরে দোয়া করবেন যেন এটা পাশ হয়। এটা পাশ হলে বাংলাদেশ তো বটেই রাজবাড়ীর জন্য বিশাল উপকার হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানও এ বিষয়ে সিরিয়াস। দ্বিতীয় পদ্মা সেতুর ইস্যুটাও আমরা সামনে নিয়ে এসেছি। এ দুটো হলে রাজবাড়ীর প্রতিটি বালু কণা সোনায় পরিণত হবে। পদ্মা সেতু হলে এখানেই হতে হবে। নাহলে নয়। এই দুটো প্রজেক্ট দারুণ চান্স। এজন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।
অন্যদের মাঝে বক্তৃতা করেন সুপ্রীম কোর্টের বিচারপতি এসএম কুদ্দুস জামান, সুপ্রীম কোর্টের আইনজীবী গরীবে নেওয়াজ প্রমুখ। সভাপতিত্ব করেন ল ফোরামের সভাপতি কাজী আফরোজা।
























