চালুর এক দিন পরই ফের বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল
- প্রকাশের সময় : ০৯:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 4
রাজবাড়ীর পদ্মা নদীতে নাব্যতা সংকট তীব্র হওয়ায় চালুর এক দিন পরই আবার বন্ধ হয়ে গেছে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌ-রুটে ফেরি চলাচল। ড্রেজিং না হওয়া পর্যন্ত এ রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে জনতার আদালতকে বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসির ধাওয়াপাড়া ফেরিঘাটের সহব্যবস্থাপক (বাণিজ্য) মো. রবিউল ইসলাম।
তিনি বলেন, পদ্মা নদীতে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ নৌপথে ড্রেজিংয়ের জন্য গত ২২ সেপ্টেম্বর বিআইডব্লিউটিএর আরিচা ড্রেজিং ইউনিটের কাছে চিঠি পাঠানো হয়েছে। ড্রেজিং না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।
এর আগে উজান থেকে হঠাৎ প্রবল বেগে পানি নেমে আসায় পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বেড়ে যায়। এতে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় গত ৫ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিট থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। টানা ছয় দিন বন্ধ থাকার পর স্রোতের তীব্রতা কমে এলে গত রোববার (১১ অক্টোবর) বিকেল পৌনে ৪টা থেকে ফেরি চলাচল আবার শুরু হয়। তবে এক দিন পার না হতেই নাব্যতা সংকটের কারণে ফের বন্ধ হয়ে গেল এ রুটের ফেরি চলাচল।




















