কালুখালীতে মাদ্রাসা ও এতিমখানায় সৌদি খেজুর বিতরণ
- প্রকাশের সময় : ০৮:৫৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / 115
রাজবাড়ীর কালুখালী উপজেলায় সৌদি আরবের উপহার হিসেবে প্রাপ্ত খেজুর মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
King Salman Humanitarian Aid and Relief Center কর্তৃক উপহার হিসেবে প্রদত্ত খেজুরের মধ্যে কালুখালী উপজেলার জন্য বরাদ্দকৃত ১৮ কার্টন খেজুর সরকারি নির্দেশনা অনুসরণ করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৮টি মাদ্রাসা ও এতিমখানার অসহায়, গরিব ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিনসহ উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত থেকে বিভিন্ন মাদ্রাসায় খেজুর বিতরণ কার্যক্রম তদারকি করেন।
জানা যায়, রাজবাড়ী জেলার জন্য সরকার থেকে মোট ১১০ কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে কালুখালী উপজেলার জন্য ১৮ কার্টন খেজুর বরাদ্দ পায়, যা উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, মানবিক সহায়তার এমন উদ্যোগ এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

























