কালুখালীর লষ্করদিয়া চরে গ্রামীণ কাঁচা সড়ক পরিদর্শন এমপির
- প্রকাশের সময় : ০৫:১৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 141
রাজবাড়ী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হারুন অর রশীদ কালুখালী উপজেলার লষ্করদিয়া চরের গ্রামীণ কাঁচা সড়ক পরিদর্শন করেছেন।
শনিবার দুপুরে তিনি চরাঞ্চলের বিভিন্ন সড়ক ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, কালুখালীর চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ শুরু করা হয়েছে। চরের সব কাঁচা রাস্তা পর্যায়ক্রমে পাকা করা হবে। যেসব রাস্তা বেশি গুরুত্বপূর্ণ, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করা হবে।
তিনি আরও বলেন, সড়কগুলো নির্মাণ করা হলে চরের কৃষকেরা সহজেই তাদের উৎপাদিত ফসল কালুখালী শহরে এনে বিক্রি করতে পারবেন। এতে তাদের দুর্ভোগ কমবে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে চরাঞ্চলের শিক্ষার্থীরা শহরের স্কুল-কলেজে সহজে যাতায়াত করতে পারবে এবং স্বাস্থ্যসেবা গ্রহণেও সুবিধা হবে।
এমপি হারুন অর রশীদ বলেন, চর এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি সহ্য করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সড়ক পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা এলজিডির প্রকৌশলী অরুণ কুমার দাস, কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সুরুজ আলী মুন্সি, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুরুল ইসলাম মনজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খান ও দপ্তর সম্পাদক রবিনসহ স্থানীয় নেতাকর্মীরা।
























