পাংশা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ১১:৪১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / 168
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব পালন, নিরপেক্ষতা এবং নির্বাচনকালীন সংবাদ সংগ্রহে করণীয় বিষয়ে আলোচনার লক্ষ্যে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় পাংশা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি একে আজাদের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির সূচনা বক্তব্যে একে আজাদ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমকর্মীদের অবশ্যই রাজনীতির ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো দলের প্রার্থীর একক এজেন্ট হিসেবে কাজ করা সাংবাদিকতার নীতির পরিপন্থী। তিনি আরও বলেন, ক্লাবের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় যেসব সদস্যকে পূর্বে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল, তাদের পুনরায় ক্লাবে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। এ বিষয়ে সভায় সর্বসম্মতিক্রমে তাদের স্থায়ীভাবে অব্যাহতির সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক ও নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি মিঠুন কুমার গোস্বামী। তিনি জানান, নির্বাচনকালীন সংবাদ সংগ্রহ ও লাইভ সম্প্রচারের জন্য পর্যবেক্ষক কার্ড ও স্টিকার পেতে আগ্রহী সাংবাদিকদের নির্ধারিত ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র প্রেসক্লাবে জমা দিতে হবে।
এ সময় পাংশা উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এবং পাট্টা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অতুল সরকার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজে ঘটে যাওয়া সকল ঘটনা বস্তুনিষ্ঠভাবে জনসম্মুখে তুলে ধরাই আমাদের মূল দায়িত্ব।
সভা উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক মিঠুন কুমার গোস্বামী। সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি আবুল হাশেম, অর্থ সম্পাদক আব্দুস সোবহান, সদস্য মো. রবিউল ইসলাম, পাংশা বার্তার সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জু, উৎপল সরকার, খোন্দকার শারমীন সুলতানা সুমী, মো. খাইরুল ইসলাম, মিরন মোল্লা, মানিক হোসেনসহ অন্যান্য সদস্যরা।

























