১০ বছর ধরে ‘বোমার’ ওপর ধোয়া হচ্ছিল কাপড়
- প্রকাশের সময় : ১০:৩৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / 141
কক্সবাজারের রামু উপজেলায় প্রায় ১০ বছর ধরে একটি বোমাসদৃশ বস্তুকে পাথর ভেবে কাপড় ধোয়ার কাজে ব্যবহার করে আসছিলেন স্থানীয়রা।
শনিবার উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লট উখিয়াঘোনা ইছাখালী এলাকার একটি পুকুরঘাটে বস্তুর বিষয়টি নজরে আসে।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পতিত অবিস্ফোরিত বোমা হতে পারে। ধারণা করা হচ্ছে, পুকুরে পড়ার কারণে সেটি বিস্ফোরিত হয়নি। প্রায় এক দশক আগে পুকুর সংস্কারের সময় স্থানীয়রা সেটি তুলে পাড়ে রেখে দেন। এরপর থেকেই পাথর ভেবে স্থানীয়রা এর ওপর কাপড় ধোয়ার কাজ করে আসছিলেন।
স্থানীয় এক সচেতন নাগরিক বিষয়টি পুলিশকে জানালে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরে নিরাপত্তার স্বার্থে বোমাটির চারপাশ ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয় এবং সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যামুনিশন বিশেষজ্ঞ ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে বোমাটি পরীক্ষা-নিরীক্ষা করে। সেনাবাহিনী বোমাটি নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
স্থানীয়দের ভাষ্যমতে, বস্তুটি প্রায় ২০ থেকে ৩০ বছর ধরে ওই এলাকায় পড়ে ছিল। একসময় বোমাটির গায়ে পাখা ও প্রপেলার থাকলেও সেগুলো ভেঙে বিক্রি করে দেওয়া হয়। বোমাটির ওজন আনুমানিক ৩০০ থেকে সাড়ে ৩৫০ কেজি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় কৌতূহলের পাশাপাশি উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
























