বেগম জিয়া ছিলেন সবার নেত্রী : জাবি উপাচার্য
- প্রকাশের সময় : ০৯:৩৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 10
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, ‘বেগম জিয়া ছিলেন সবার নেত্রী, যেমন ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি কম কথা বলতেন, তবে স্পষ্ট ও প্রয়োজনীয় কথা বলতেন; যা দেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। স্বামীহারা বেদনার কথা ভুলে গিয়েও তিনি সর্বদা দেশের মানুষের পাশে থেকেছেন।’
শনিবার (১৫ আগস্ট) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ফোরাম ও জাবি ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপাচার্য প্রয়াত নেত্রীর আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
দোয়া মাহফিলে জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রুবেল বলেন, ‘মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জননী ও আপসহীন নেত্রী। তিনি দল-মত নির্বিশেষে দেশের জাতীয় ঐক্যের প্রতীক ছিলেন। তাঁর পুরো জীবনটাই দেশমাতৃকার জন্য বিলিয়ে দিয়েছেন। দেশের মানুষকে তিনি আগলে রেখেছিলেন। আমরা প্রার্থনা করি, মহান স্রষ্টা যেন আমাদের মমতাময়ী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম নসিব করেন।’
দোয়া মাহফিলে উপ-উপাচার্য (শিক্ষা) ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন রুনু, জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যাপক ড. মাফরুহি সাত্তার, বিএনপিপন্থি শিক্ষক অধ্যাপক আবু সাইদ মো. মোস্তাফিজুর রহমান, জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিক, যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন, আফফান আলী ও হুমায়ূন হাবীব হিরনসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
























