নির্বাচন নিয়ে প্রতিবেশীদের উপদেশ চাই না : পররাষ্ট্র উপদেষ্টা
- প্রকাশের সময় : ০৭:২৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / 192
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে নির্বাচন কেমন হবে সে বিষয়ে প্রতিবেশী কোনো দেশের উপদেশ সরকারের প্রয়োজন নেই। ভারতের সাম্প্রতিক মন্তব্যকে তিনি সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গত ১৫ বছরে বাংলাদেশে প্রহসনমূলক নির্বাচন হলেও সে সময় ভারত কোনো আপত্তি তোলেনি। অথচ এখন একটি ভালো নির্বাচনের দিকে দেশ এগোচ্ছে, তখনই উপদেশ দেওয়া হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার প্রথম দিন থেকেই অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরিতে কাজ করছে, যাতে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং জনগণের ভোটেই প্রতিনিধি নির্বাচিত হয়।
দুদেশের কূটনীতিক তলব প্রসঙ্গে তিনি বলেন, মতপার্থক্যের কারণে এমন ঘটনা অস্বাভাবিক নয়। পাশাপাশি তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে অবস্থান করে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট বলেও তিনি জানান।























