ইইউ থেকে ২০০ জন পর্যবেক্ষক আসবে : ইসি সচিব
- প্রকাশের সময় : ০৪:৪৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / 198
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে প্রায় ১৭৫ থেকে ২০০ জন নির্বাচন পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে ইইউ, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মধ্যে একটি প্রশাসনিক চুক্তি সম্পাদিত হয়েছে। এই চুক্তির আওতায় ইইউ একটি প্রতিনিধি দল পাঠাবে। প্রতিনিধি দলের প্রধান হিসেবে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাপসের নাম জানা গেছে।
ইসি সচিব বলেন, চুক্তিটি সম্পন্ন হলেও ব্রাসেলস থেকে অনুমোদনের অপেক্ষায় থাকায় আগে প্রকাশ করা হয়নি। অনুমোদন নিশ্চিত হওয়ার পর বিষয়টি জানানো হয়েছে। পর্যবেক্ষকদের সুনির্দিষ্ট সংখ্যা ও বিস্তারিত কর্মসূচি পরবর্তী সময়ে জানানো হবে।
তিনি আরও জানান, ত্রিপক্ষীয় চুক্তির আওতায় পর্যবেক্ষক দলকে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দেওয়া হবে, বিশেষ করে যাতায়াত ও চলাফেরার ক্ষেত্রে। তবে পার্বত্য চট্টগ্রামের মতো কিছু এলাকায় স্থানীয় নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে মানার অনুরোধ জানানো হয়েছে। পর্যবেক্ষকরা নিজস্ব প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে আসবেন এবং কাজ শেষে তা ফেরত নিয়ে যাবেন।
চুক্তি অনুযায়ী তারা বাংলাদেশের স্থানীয় ও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা মেনে কাজ করবেন। এছাড়া তুরস্কসহ আরও কয়েকটি সংস্থা থেকেও পর্যবেক্ষণ সংক্রান্ত প্রস্তাব পাওয়া গেছে বলে জানান ইসি সচিব।























