রাজবাড়ীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত
- প্রকাশের সময় : ০৯:১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / 231
রাজবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মোছাঃ লতা বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাবা–মা হারিয়ে এতিম হয়ে পড়েছে তার দুই শিশু সন্তান।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার মুরগির ফার্ম বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত লতা বেগম রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শেকাড়া গ্রামের মরহুম খন্দকার শামসুজ্জোহার মেয়ে। তার স্বামীর বাড়ি রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ি গ্রামে। মাত্র আট মাস আগে স্ট্রোকজনিত কারণে তার স্বামীর মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর যমজ সন্তান রিয়ান ও তাসকিনের পড়াশোনার সুব্যবস্থা করতে তিনি বহরপুর অক্সফোর্ড আইডিয়াল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমিতে ভর্তি করিয়ে বহরপুর এলাকায় বসবাস করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লেক্সিলোড করার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ও বেপরোয়া মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কের আইল্যান্ডের ওপর পড়ে যান। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ২টার দিকে তিনি মারা যান।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নিহতের বাবার বাড়ির পাশে জানাজা শেষে শেকাড়া শাহ পালোয়ান শাহ কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ ঘটনায় পরিবার ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত ঘাতক মোটরসাইকেল চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

























