মুক্তিযোদ্ধাদের কবরস্থানে আগুন: তদন্ত কমিটি গঠন ও নিরাপত্তা নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

- প্রকাশের সময় : ১০:৫২:১৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / 111
রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর এলাকায় মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত কবরস্থানের সীমানা প্রাচীরে আগুন দেওয়ার ঘটনায় দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতার এবং দেশজুড়ে মুক্তিযোদ্ধাদের কবরস্থান ও স্মৃতিচিহ্নে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে তারা ক্ষতিগ্রস্ত কবরস্থান পরিদর্শন করে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঘটনার নিন্দা জানান।
শিক্ষার্থীদের দাবি
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন—রাজবাড়ী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. রাসেদুল ইসলাম (রাশেদ), যুগ্ম আহ্বায়ক তুষার পাটোয়ারী, মো. রাফি হোসেন, সহ–মুখপাত্র ইমরান খানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
সংগঠনের সদস্য সচিব রাসেদুল ইসলাম বলেন,
“আমরা স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলেছি। আগামীকাল প্রশাসনের কাছে লিখিতভাবে দাবি জমা দেব। এই ঘটনা পরিকল্পিত। আমরা চাই আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্ত কমিটি গঠন করে আসল দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনুক।”
তিনি আরও বলেন, “শুধু পাংশা নয়—দেশজুড়ে মুক্তিযোদ্ধাদের কবর ও স্মৃতিচিহ্নে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।”
ঘটনার পটভূমি
এর আগে গত রবিবার (৭ ডিসেম্বর) রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তারাপুর মুক্তিযোদ্ধাদের নির্ধারিত কবরস্থানের সীমানা বেড়ায় আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। স্থানীয়দের অভিযোগ, ঘটনার সময় আশপাশে সন্দেহজনক চলাচল লক্ষ্য করা গেলেও কাউকে ধরা সম্ভব হয়নি।
ঘটনার পর স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত তদন্ত ও দোষীদের শনাক্ত করার দাবি তুলেছেন।

























