দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের
- প্রকাশের সময় : ০২:৩১:০১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / 90
শিক্ষা ভবনের পেছনের অংশে সাতটি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে আন্দোলন চালাচ্ছেন শিক্ষার্থীরা। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন। আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঠিক করার কথাও জানিয়েছেন তারা।
সোমবার সরেজমিনে দেখা গেছে, প্রায় দেড় থেকে দুইশ শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবির বিষয়টি তুলে ধরছেন। আন্দোলনে অংশ নেওয়া নূর নবী ইসলাম বলেন, “অবস্থান কর্মসূচি অব্যাহত আছে। রাতেও আমরা এখানে অবস্থান করেছি। সরকারের সিদ্ধান্ত না পেলে আন্দোলন চালিয়ে যাবো। ওপর থেকে সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত সরছি না।”
সুমাইয়া তাহমিন নামের এক শিক্ষার্থী বলেন, “অধ্যাদেশ না নিয়ে আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের দাবি যৌক্তিক, মানতেই হবে; নাহলে আমরা রাজপথ ছাড়বো না।”
পুলিশ সদস্যরা জানিয়েছেন, রাতেও শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান করেছেন। সকাল ১০টায় সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনা করে শিক্ষার্থীদের চলে যেতে বলা হয়। রোববার সকালের দিকে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাস থেকে শিক্ষা ভবন মোড়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। দুপুরে তারা শিক্ষা ভবনের সামনের সড়কের মোড়ে অবস্থান নেন এবং বিকেলে হাইকোর্ট মোড় অবরোধ করেন, ফলে প্রেস ক্লাব, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় অভিমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অধ্যাদেশ ঘোষণার আগ পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।























