বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে এমপি পদ ছাড়ার চাপে পড়তে পারেন টিউলিপ
- প্রকাশের সময় : ০৭:৩৫:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / 84
পূর্বাচলের নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা এবং তার ভাগ্নি, ব্রিটিশ এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার রায় ১ ডিসেম্বর ঘোষণা করা হবে।
মামলায় অভিযোগ প্রমাণিত হলে টিউলিপ সিদ্দিক ১০ বছরের সাজা ভোগ করতে পারেন। অভিযোগ অনুসারে, টিউলিপ তার মা, ভাই ও বোনকে শেখ হাসিনার মাধ্যমে প্লট পাইয়ে দিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, যদি টিউলিপ দুর্নীতির দায়ে অভিযুক্ত ও দীর্ঘ সাজাপ্রাপ্ত হন, তাহলে ব্রিটিশ এমপি পদ ছাড়ার চাপের মুখে পড়বেন। এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে চার বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল।
একই সময়ে টিউলিপ যুক্তরাজ্যে একটি ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার করেছেন বলে অভিযোগ ওঠে। তিনি দাবি করেছিলেন, ফ্ল্যাটটি বাবা-মায়ের থেকে পেয়েছেন, কিন্তু আসলে এটি আওয়ামীপন্থি এক নেতার কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন। তবে ব্রিটিশ সরকারের অভ্যন্তরীণ তদন্তে বলা হয়েছে, ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার করার কারণে মন্ত্রিত্বের কোনো ধারা লঙ্ঘন করেননি তিনি।
বাংলাদেশে মামলাকে স্বচ্ছ মনে করছেন না কিছু ব্রিটিশ আইনজীবী। তারা বিষয়টি বাংলাদেশের হাইকমিশনারকে চিঠির মাধ্যমে জানিয়েছে।























