খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্রপতি
- প্রকাশের সময় : ০১:২১:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / 68
হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। খালেদা জিয়ার আশু-রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।
শনিবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেনের পাঠানো বার্তায় এ দোয়া প্রার্থনার তথ্য জানানো হয়েছে।
এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসও খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নিয়মিতভাবে তার চিকিৎসার অগ্রগতি খোঁজ করছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কোনো ঘাটতি না হয় এবং দেশের জন্য তার সুস্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’। তিনি জানিয়েছেন, গত দুই দিন ধরে খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা সিসিইউতে তার চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন।























