র্যাবের পোশাক পরে মহাসড়কে ডাকাতি
- প্রকাশের সময় : ০৬:৪৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / 91
র্যাবের পোশাক পরে মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর পাংশা উপজেলার মৈশালা এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মুরগীবাহী একটি কাভার্ড ভ্যান নিয়ে লাপাত্তা হয়ে গেছে।
জানা গেছে, ঠাকুরগাঁও থেকে সোনালী মুরগী নিয়ে একটি কাভার্ডভ্যান পাংশার মৈশালা বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় র্যাবের কালো পোশাক পরা ১০/১২ জন ব্যক্তি গাড়িটিকে থামার সংকেত দেয়। পরে তারা চালক ও হেলপারসহ তিনজনকে বেঁধে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়। অপর দুর্বৃত্তরা মুরগিবোঝাই কাভার্ডভ্যানটি নিয়ে যায়। পরে তিনজনকে কুষ্টিয়া জেলার ভাদালিয়া এলাকায় ফেলে রেখে যায়।
পাংশা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, বিকেলে তিনি পাংশা থানার ওসির মাধ্যম দিয়ে বিষয়টি জেনেছেন। র্যাব যেভাবে চেকপোস্ট করে তারা সেরকমই র্যাবের সিগন্যাল লাইট, কোটি সবকিছুই ছিল। তাদের চেকপোস্টে দাঁড় করিয়ে পরে মাইক্রোতে তুলে নিয়ে যায়। বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, বিষয়টি তারা শুনেছেন। র্যাবের পোশাক পরে কেউ এ ঘটনা ঘটিয়েছে। দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।
পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে ভুক্তভোগীরা থানায় এসে বিষয়টি জানায়। র্যাবের ছদ্মবেশে একদল দুর্বৃত্ত মুরগীবোঝাই কাভার্ডভ্যান ছিনতাই করে নিয়ে গেছে। তবে, এবিষয়ে লিখিত অভিযোগ এখনও দেয়নি। পুলিশ দুর্বৃত্তদের ধরতে অভিযান চালাচ্ছে।


























