বালিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মহড়া ও আলোচনা সভা
- প্রকাশের সময় : ০৩:২২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / 134
“সমন্বিত উদ্যোগ,প্রতিরোধ করি দুর্যোগ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কহিনুর জাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভির আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা এবং ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সালাউদ্দিন লস্কর।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন —
“দুর্যোগের আগে প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। এজন্য প্রত্যেককে নিজের অবস্থান থেকে সচেতন হতে হবে এবং সমাজে সচেতনতা ছড়িয়ে দিতে হবে।”
পরে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সালাউদ্দিন লস্করের নেতৃত্বে দুর্যোগ মোকাবিলার মহড়া পরিচালনা করেন। এতে অগ্নিকাণ্ড থেকে উদ্ধার, অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহারের পদ্ধতি, ভূমিকম্পের সময় নিরাপদ আশ্রয়ে যাওয়া এবং দুর্ঘটনায় আহতদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদর্শন করা হয়।
মহড়ায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করে এবং দুর্যোগের সময় তাৎক্ষণিক করণীয় সম্পর্কে সচেতন হয়।
উপস্থিত কর্মকর্তারা জানান, এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত আয়োজন করা হলে সমাজের প্রতিটি মানুষ দুর্যোগকালীন পরিস্থিতিতে আরও প্রস্তুত ও দায়িত্বশীল ভূমিকা রাখতে সক্ষম হবে।


























