বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ
- প্রকাশের সময় : ০৮:৫২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 6
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মেরিন বেগম (৩৫) নামে এক নারীকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে আহত এবং তাঁর গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দেবর লাভলু শেখ ও তাঁর স্ত্রী রোজিনা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ করেছেন।
বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের তুলসীবরাট গ্রামে এ ঘটনা ঘটে। আহত মেরিন বেগম ওই গ্রামের সিরাজুল শেখের স্ত্রী। পরে তাঁকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
থানায় দেওয়া অভিযোগে মেরিন বেগম বলেন, দীর্ঘদিন ধরে বাড়ির জমি নিয়ে দেবর লাভলু শেখের সঙ্গে তাঁর বিরোধ চলে আসছে। এ নিয়ে তাঁকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে। প্রায় এক বছর আগেও তাঁকে মারধর করে মাথায় আঘাত করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তবে পারিবারিক সম্পর্কের কারণে তখন আইনগত ব্যবস্থা নেননি।
অভিযোগে বলা হয়, ঘটনার দিন সকাল সাড়ে ৭টার দিকে মেরিন বেগম নিজ বাড়িতে নাতনিকে কোলে নিয়ে ছিলেন। এ সময় জমিজমা নিয়ে রোজিনা বেগমের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লাভলু শেখ ও রোজিনা বেগম চাপাতি, রামদা, লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠিসহ সেখানে আসেন বলে অভিযোগ করা হয়েছে।
মেরিন বেগমের দাবি, তাঁকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। প্রতিবাদ করলে লাভলু শেখ লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে মাথার বাম পাশে রক্তাক্ত জখম হয়। এ সময় তাঁর গলায় থাকা প্রায় ১০ আনা ওজনের স্বর্ণের চেইন নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর ছেলের বউ জান্নাতি বেগমকেও কাঠের বাটাম দিয়ে মারধর করে আহত করার অভিযোগ রয়েছে।
পরে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন। আহত মেরিন বেগমকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ঘটনার পর অভিযুক্তদের হুমকির কারণে পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন লাভলু শেখ। তিনি বলেন, ঘটনার দিন মেরিন বেগম তাঁর স্ত্রী রোজিনা বেগমকে গালিগালাজ ও লাঞ্ছিত করছিলেন। খবর পেয়ে তিনি সেখানে গেলে প্রতিপক্ষের লোকজন কাঠের লাঠি দিয়ে তাঁকে আঘাত করতে এগিয়ে আসে। তিনি মাথা সরিয়ে নিলে ওই লাঠির আঘাত মেরিন বেগমের মাথায় লাগে। তিনি মেরিন বেগমকে লোহার রড দিয়ে আঘাত করেননি এবং স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগও সত্য নয় বলে দাবি করেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।




















