নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
- প্রকাশের সময় : ০৮:০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / 37
কখনো কবিতায় বিদ্রোহ, কখনো গানে মানবতা—জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টির নানা রূপে মুখর হয়ে উঠেছে রাজবাড়ীর বালিয়াকান্দী। কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে শুরু হয়েছে সাংস্কৃতিক বিষয়ক প্রতিযোগিতা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বালিয়াকান্দী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বালিয়াকান্দী উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বালিয়াকান্দী উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গান, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। শিক্ষার্থীদের পরিবেশনায় ফুটে ওঠে নজরুলের সাহিত্য ও সংগীতের বৈচিত্র্য।
আয়োজকদের মতে, শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে নতুন প্রজন্মের কাছে নজরুলের সাহিত্যকর্ম ও সৃষ্টিশীলতার সঙ্গে পরিচয় ঘটানো এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
নজরুলের বিদ্রোহী চেতনা, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক ভাবনার সঙ্গে তরুণ প্রজন্মকে পরিচিত করার এমন আয়োজন সাংস্কৃতিক চর্চাকে আরও বিস্তৃত করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
























